
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা চাই বৈষম্যমুক্ত সমাজ। আর যারা বৈষম্য সৃষ্টি করছেন, আমরা চাই তারাও নিপাত যাক। আজকাল যে বৈষম্য, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য হয় নাই। যারা সরকারি দল করছেন, তারা সব ধরনের নিয়ম-নীতির বাইরে। সব ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন এবং তারা একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি করেছেন। সেটা রাজনৈতিক দল হিসেবে আমার মনে হয় না, একটি শক্তিশালী গোষ্ঠী, সংঘবদ্ধ দল জনগণের কাঁধে চেপে বসেছে।’
আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় জি এম কাদের এসব কথা বলেন।
বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজ থাকত, তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত বলেও মন্তব্য করেন জি এম কাদের।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আমি একটা দেশ পেলাম, আমার দেশ—প্রজারা বলবেন। আমিই চালাব, আমিই সরকার গঠন করব, আমিই সরকার পরিবর্তন করব। উদ্দেশ্য হলো আমার যে বৈষম্য, আমার ভাইয়ে-ভাইয়ে বৈষম্য করা, সেটার থেকে আমরা মুক্তি চাই। এখন দেখেন, সেই অর্জন-প্রজাদের সেই মালিকানা ছিনতাই হয়ে গেছে। মালিকানা তাদের হাতে নেই। এটা হলো বাস্তব কথা। এখন জনগণের কথায় যে চলবে, জনগণের কথায় যে সরকার পরিবর্তন হবে এ রকম কোনো বিষয় ঘটছে না। জনগণের কথা বলারই অধিকার নেই। বলতে গেলেই নানা ধরনের সমস্যা। কথা শোনারও কোনো দরকার নেই।’
নেতাকর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, ‘আমাদের বুঝতে হবে যে, আমরা জনগণের পক্ষে থাকব না সুযোগ-সুবিধার পক্ষে থাকব। জনগণের পক্ষে থাকতে গেলে ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে এবং আমি সে রকম মনোভাব থাকা উচিত। যারা সুযোগ-সুবিধার লোভে পড়ছেন, আমার দৃঢ় বিশ্বাস এই সুযোগ-সুবিধা অত্যন্ত স্বল্প সময়ের জন্য। সামনের দিকে তাদের প্রয়োজনীয়তা থাকবে না।’
তিনি আরও বলেন, ‘যারা আওয়ামী লীগের বা সরকারি দলের সুযোগ-সুবিধা নিয়ে অনেক দিন অনেক কিছু করেছেন, তাদেরকে কিন্তু দুই মিনিটে আবার লাথি দিয়ে ফেলেও দেওয়া হয়েছে। যদি টিকতে হয় রাজনীতিতে, সঠিক রাজনীতিতে থাকতে হবে। জনগণের সঙ্গের রাজনীতিতে থাকতে হবে, যতই কঠিন হোক। সেখানেই আপনি টিকতে পারবেন। না টিকতে পারলে আপনি শেষ হয়ে যাবেন। আর যদি অন্যভাবে বেঁচে থাকতে চান সুযোগ-সুবিধা নিয়ে, সেখানেও আপনি রাজনীতিতে শেষ হয়ে যাবেন। দালাল হিসেবে বেঁচে থাকবেন, রাজনীতিবিদ হিসেবে বেঁচে থাকতে পারবেন না।’
ঢাকা ব্যুরো।। 







































