
বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইশরাক হোসেনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।’
রবিবার (১৯ মে) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ‘দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন শুরু করেছে। আর এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে— দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে।’
একই সঙ্গে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা মামলাকে ‘বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ঢাকা ব্যুরো।। 






































