
এক দশকে যেসব ভারতীয় তারকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, তার ১০০ জনের একটি তালিকা প্রকাশ করেছে ইন্টারনেট মুভি ডাটাবেজ তথা আইএমডিবি। যে তালিকায় রয়েছে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির নামীদামি তারকারা।
আইএমডিবি জানিয়েছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। অর্থাৎ গত এক দশকে তাকেই সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই প্ল্যাটফর্মে। তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। অর্থাৎ নিজের প্রথম নায়ককেই ছাড়িয়েন গেলেন দীপিকা।
শাহরুখ খানের নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দীপিকা পাড়ুকোন। সেটা ২০০৭ সালে, ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে। এরপর তারা আরও কয়েকটি ছবিতেও জুটি বেঁধেছিলেন। সব ছবিই হয়েছে সফল। গত দুই বছরে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’র মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই তারকা জুটি। তারাই আইএমডিবির তালিকায় লড়াই করছেন পাশাপাশি।
এদিকে এই তালিকায়, শাহরুখ-দীপিকা ছাড়াও রয়েছে ঐশ্বরিয়া রাই। তালিকায় তার অবস্থান শাহরুখের পরে অর্থ তৃতীয় স্থানে। তাকে শেষবার ‘পোন্নিইন সেলভান’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় অভিনয়ের ঘোষণা আসেনি। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন আলিয়া ভাট। আলিয়াকে সর্বশেষ ‘রকি অউর রানী কি প্রেমকাহানি’ সিনেমায় পাওয়া গেছে। অন্যদিকে, প্রয়াত অভিনেতা ইরফান খান রয়েছেন পঞ্চম স্থানে। ২০২০ সালের ২৯ এপ্রিল মারা গেছেন এই অভিনেতা।
এছাড়া এই তলিকায় আমির খান (ষষ্ঠ), সুশান্ত সিং রাজপুত (সপ্তম), সালমান খান (অষ্টম), হৃতিক রোশন (নবম) ও অক্ষয় কুমারের নামও রয়েছে (দশম)। ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা গেলো, আইএমডিবিতে প্রতি মাসে প্রায় ২৫০ মিলিয়ন ভিজিটর আসে। তাদের অনুসন্ধান থেকেই ‘টপ ১০০ মোস্ট ভিউড ইন্ডিয়ান স্টারস অব দ্য লাস্ট ডিকেড’ তৈরি করেছে প্ল্যাটফর্মটি।
তালিকার সেরা ২০-এর অধিকাংশ তারকাই বলিউডের। তবে দক্ষিণ থেকে জায়গা করে নিয়েছেন সামান্থা রুথ প্রভু (১৩), তামান্না ভাটিয়া (১৬) ও নয়নতারা (১৮)। অন্যদিকে অভিনেতা হিসেবে দক্ষিণ থেকে এগিয়ে আছেন প্রভাস (২৯), ধানুশ (৩০) ও রাম চরণ (৩১)।
বিনোদন ডেস্ক 






































