
স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার বিরুদ্ধে। গতকাল শনিবার টিফিন সময়ে স্কুলের ক্লাস রুমেই সহপাঠীদের সামনে পিটিয়ে তাকে আহত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত স্কুল প্রধান ঘটনা স্বীকার করে বলেছেন এই ঘটনার জন্য আমি খুবই লজ্জিত।
নির্যাতিত ওই ছাত্রের নাম মো. সারোয়ার হাসান। সে শহীদ মামুন মাহমুদ পুলিশলাইন্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির মেঘনা শাখার ছাত্র। হাসান নগরীর হড়গ্রাম কোর্ট কলেজ এলাকার বাসিন্দা সাইদ হাসানের ছেলে। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রের বাবা।
অভিযুক্ত রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলার সাথে যোগাযোগ করা হলে তিনি ভুল স্বীকার করে বলেন, এই ঘটনার জন্য আমি নিজেই লজ্জিত, ক্ষমা প্রার্থী। মুলত ওই সময় ওই বাচ্চার ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা অনেকেই একসাথে তার বিরুদ্ধে অভিযোগ করে। তাদের এই অভিযোগের প্রেক্ষিতে আমি মুলত তাকে শাসন করতে চেয়েছিলাম। তবে কেন জানি আমি বুঝতে পারিনি এটা একটু বেশি হয়ে গেছে। এজন্য আমি নিজে নিজেই খুবই লজ্জিত।
নিজস্ব প্রতিবেদক 







































