
ঈদের মাঝেও মানুষের আনন্দ কেড়ে নিয়েছে সরকার। মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত — কেউ আজ কোরবানি দিতে পারছে না। অথচ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারা গরু কিনছেন বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, মানুষের ঘরে খাবার নেই; ঈদের আনন্দ নেই; মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত কেউ আজ কোরবানি দিতে পারছে না। গরুর দাম বেশি। সরকারি লোকজন সিন্ডিকেটে জড়িত। অথচ যারা গরু কিনছেন, তারা সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তা।
দুর্নীতির কারণে ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে জানিয়ে রিজভী বলেন, তারল্য সংকটে সাধারণ গ্রাহক টাকা তুলতে পারছেন না; বুথে টাকা নেই।
এ সময় সেন্টমার্টিন সীমান্তে মিয়ানমার যা করছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সরকার এহেন কাণ্ডে নির্বিকার ভূমিকা পালন করছে। নতজানু পররাষ্ট্রনীতি ও তাঁবেদারি করার কারণেই দেশের মানুষকে সীমান্তে হত্যা করার পরও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সরকার।’
সেন্টমার্টিনে মিয়নমারের উত্তেজনার ঘটনায় এখনও কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না, প্রশ্ন রাখেন রিজভী। তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে সরকার কী নীতি অবলম্বন করছে, কার স্বার্থ রক্ষা করছে, জনগণ তা জানতে চায়।
ঢাকা ব্যুরো।। 







































