
করোনা আক্রান্ত হয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন দেশের কিংবদন্তী অভিনেত্রী ববিতা। তবে এখন শঙ্কা মুক্ত তিনি। করোনা নেগেটিভ আসায় হাসপাতাল ছেড়ে নিজ বাসায় ফিরেছেন এই নন্দিত অভিনেত্রী।
শনিবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ববিতার ছোট বোন চম্পা। তিনি বলেন, কয়েক দিন ধরেই শরীরে ব্যথা অনুভব করছিলেন আপা। জ্বর ছিল না, তবে অস্বস্তি লাগছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তার করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা পজিটিভ হওয়ার পর আর দেরি না করে গত ১৮ জুলাই তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে ভর্তি করানো হয়। সেখানে টানা চারদিন থাকার পরে করোনা নেগেটিভ রেজাল্ট আসে।’
চম্পা আরও বলেন, এমনিতে দেশের সার্বিক অবস্থা ভালো নয়। এর মধ্যে আপার করোনায় আক্রান্তের খবরে আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে, বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা ও আমরা মিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই।
ববিতার বর্তমান অবস্থার কথা জানিয়ে চম্পা বলেন, আপা আপাতত সুস্থ আছেন। তবে শারীরিক দুর্বলতা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। সবাই তার জন্য দোয়া করবেন।’ এ সময় এর আগেও একবার ববিতা করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান চম্পা।
বিনোদন ডেস্ক 






































