
ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর বিবাহ বার্ষিকী আজ শুক্রবার (২ আগস্ট)। ১৯৯৫ সালের আজকের দিনে এই দিনে পরস্পর জীবনসঙ্গী হয়েছিলেন তারা। এই বিশেষ দিনে সবার কাছে দোয়া চেয়েছেন সানী-মৌসুমী দম্পতি।
আজ শুক্রবার (২ আগস্ট) চিত্রনায়ক ওমর সানী এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ আমাদের বিবাহ বার্ষিকী, আলহামদুলিল্লাহ ৩০ বছর পার করলাম। খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সাথে শেয়ার করব, কিন্তু হলো না চারিদিকে লাল শুধু লাল এর মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। কোন আয়োজন নয় যদি পারেন মন থেকে দোয়া করবেন আমাদের জন্য।’
ফেসবুক পোস্টে সানী আরও বলেন, ‘মৌসুমী আমার জীবনের আলো, সুখে-দুঃখে পথচলার সঙ্গী, এক কথায় সবকিছু। আল্লাহ যেন তাকে সব সময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমরা পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে জীবনের বাকিটা সময় পার করতে পারি এই দোয়াই চাই।’
উল্লেখ্য, ১৯৯২ সালে নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে ওমর সানীর চলচ্চিত্রে অভিষেক। অন্যদিকে মৌসুমীর সিনেমায় অভিষেক ১৯৯৩ সালে। তার অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। ‘দোলা’ ছবির মাধ্যমে ওমর সানী ও মৌসুমী প্রথমবারের মত জুটি সিনেমায় কাজ করেন। এরপর এই তারকা দম্পতি জুটি হয়ে অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন। এই জুটির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে আত্মঅহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সোনার চর ইত্যাদি।
বিনোদন ডেস্ক 





































