
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর জামিন দিয়েছে আদালত। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দেওয়া হয়। আজ বুধবার (৯ অক্টোবর) বেলা আড়াইটায় সাবেক মন্ত্রী এম এ মান্নান এর অনুপস্থিতে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন জামিন মঞ্জুর করেন। ২০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন দিয়েছে আদালত।
এর আগে আজ সকাল সাড়ে ১০টায় সাবেক এই মন্ত্রীর জামিন শুনানির কথা থাকলেও জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে হট্টগোল করেছেন বাদী ও আসামি পক্ষের আইনজীবীরা।
বুধবার বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির পূর্বে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের হট্টগোলের কারণে শুনানি না করে এজলাস ছাড়েন বিচারক মো. হেমায়েত উদ্দিন। আদালতে উপস্থিত একাধিক আইনজীবী এই তথ্য নিশ্চিত করেন।
এরআগে নির্ধারিত আদালতে জামিন না পেয়ে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। এ জাতীয় মিস কেসের ক্ষেত্রে এক সপ্তাহ পরে শুনানির জন্য তারিখ দেওয়া হলেও এখানে অস্বাভাবিক প্রক্রিয়ায় শুনানির তারিখ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্রজনতা আহত হন। ওই ঘটনায় নির্দেশদাতা হিসেবে এম এ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করা এ মামলায় গত ২০ সেপ্টেম্বর তাঁর নিজ বাড়ি জেলার শান্তিগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় এম এ মান্নানকে।
গতকাল এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে পরীক্ষা নিরীক্ষা শেষে ভর্তি করা হয়। এম এ মান্নান এর শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানান তার আইনজীবী আব্দুল হামিদ।
নিজস্ব প্রতিবেদক 







































