প্রকাশের সময় :
১১:০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১০৯
ছবি-সংগৃহীত
অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জেনিফার লরেন্স সুখবর দিলেন ভক্তদের। আবারও মা হতে যাচ্ছেন অভিনেত্রী। কুক ম্যারোনি ও জেনিফার দম্পতির ঘর আলো করে আসতে যাচ্ছে দ্বিতীয় সন্তান।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভোগ জানিয়েছে, ১৯ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান জেনিফার।
অভিনেত্রীর পরনে ছিল সাদা টি-শার্ট আর সোয়েটার। পোশাকের ওপর স্পষ্ট বোঝা যাচ্ছিল বেবি বাম্প। অভিনেত্রীর মুখপাত্রও খবরটি নিশ্চিত করেছে ভোগকে।এদিকে ২৫ অক্টোবর মুক্তি পাচ্ছে লরেন্স প্রযোজিত তথ্যচিত্র ‘জুরাস্কি বনাম টেক্সাস’। যেটা নির্মিত হয়েছে টেক্সাসের গর্ভপাতবিরোধী আইন নিয়ে। এর মধ্যেই মাতৃত্বের খবর দিলেন লরেন্স।
২০১৮ সালের জুনে কুক ম্যারোনির সঙ্গে পরিচয় হয় জেনিফার লরেন্সের। একই বছর প্রেমে পড়েন এই জুটি।
কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে আড়ালে রাখেন তারা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯শে অক্টোবর বিয়ে করেন এই যুগল। ২০২১ সালে মুক্তি পায় জেনিফার লরেন্স অভিনীত ‘ডোন্ট লুক আপ’ সিনেমা। এর শুটিং চলাকালে দ্বিতীয়বার গর্ভপাত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।