
বিয়ে করেছেন জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী। নতুন বছরে জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছেন তিনি। অর্থাৎ বিয়ের কাজটি সেরে নিয়েছেন গায়িকা। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়।
তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।
পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।
মেয়ের বিয়ের খবর জানতে চাইলেন পড়শীর মা জুলিয়া হাসান গণমাধ্যমকে বললেন, এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। তার ব্যস্ততা বেড়েছে গানে। স্টেজ শো করছেন। নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। গত বছরের শেষ সময়ে ইমরানের সঙ্গে প্রকাশ হয় তার ‘কথা একটাই’ গানটি। এদিকে গানের বাইরে বর্তমানে অভিনয়ও করছেন তিনি।
বিনোদন ডেস্ক 







































