
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠনের লক্ষ্যে নিরাপদ খাদ্য প্রস্তুতকরণের উত্তম চর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।জাপান সরকারের সহায়তায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের JICA-STIRC প্রকল্প ও ইবির যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিশ্বিবদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর সেমিনার রুমে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ।
এসময় ফলিত পুষ্টি এবং খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন JICA-STIRC প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসামি সাকাই এবং ন্যাশনাল টিম লিডার মাসুদ আলম।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন হলের ডায়নিং ও ক্যান্টিনের বাবুর্চিরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ বলেন, নিরাপদ খাদ্যের নানাবিধ গুরুত্বের বিষয়ে হল প্রশাসন ও ডাইনিং ক্যান্টিনের কর্মী ও বাবুর্চিদের আরো সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যাতে নিরাপদ খাবারের বিষয়ে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে হল প্রশাসন অরো সতর্ক থাকবে বলে আশা করি। একই সাথে শিক্ষার্থীরাও তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণসহ নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য বিষয়ক নিয়ন্ত্রক সংস্থাসমূহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
উল্লেখ্য, JICA-STIRC প্রকল্পের কনসালটেন্টগণ প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করবেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা খাদ্য কারখানায় খাদ্য উৎপাদনের বিভিন্ন ধাপসমূহে দূষণ প্রতিরোধে করণীয় বিষয়াদি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ও ক্যান্টিনে খাদ্যকে নিরাপদ রাখার নানান কৌশল ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ে ধারণা লাভ করতে পারবে। দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি: 







































