
পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী মরিয়ম নাফিস। মা হলেন। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্বামী আমান আহমেদ ও এই অভিনেত্রী দম্পতির প্রথম সন্তান এটি।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সন্তান জন্মের কথা অভিনেত্রী মরিয়ম নাফিস নিজেই নিশ্চিত করেছেন। নবজাতকের কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।
সন্তানের নাম রাখা হয়েছে সৈয়দ ঈসা আমান আহমেদ। মরিয়ম নাফিস তার ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের পৃথিবী এখন অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। পৃথিবী, সৈয়দ ঈসা আমান আহমেদের সঙ্গে দেখা করো। এক সপ্তাহ বা এরও বেশি বয়সে পবিত্র রমজান মাসেই এসেছে সে। এই ছোট্ট মানুষটি অল্প সময়ের মধ্যেই আমাদের তার প্রেমে ফেলেছে।’
এছাড়া ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এ অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয়জন, তোমার প্রার্থনায় রেখো আমাদের।’ আর তার সন্তান আগমনের এ খবর প্রকাশের পরই প্রিয় তারকাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সবাই।
প্রসঙ্গত, ২০২২ সালে আলোকচিত্রী আমান আহমেদের সঙ্গে বিয়ে হয় মরিয়ম নাফিসের। স্বামী সম্পর্কে একবার এক অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছিলেন, বয়সে ১৩ বছরের বড় তার স্বামী।
‘ইয়াকিন কা সফর’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে পরিচিত লাভ করেন মরিয়ম নাফিস। এছাড়া ‘নিম’, ‘ইশক জলেবি’, ‘মোহাব্বত ছোড়ি মেইন’ এবং ‘জান-এ-জাহান’ এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
বিনোদন ডেস্ক 


























