
আর্থিক প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির ক্যান্ট কুচারি আদালতের বিচারক গোলাম সাব্বির সিয়াল এ রায় প্রদান করেছেন।
আদালত রায় ঘোষণায় জানান, শনিবার (২২ মার্চ) নাজিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতে যেন হাজির করা হয়। মূলত ২৫ লাখ টাকার প্রতারণার মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বোল নিউজের প্রতিবেদন অনুযায়ী, নাজিশ জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেতা আসওয়াদ হারুন। অভিযোগে বলা হয়েছে, নাজিশ জাহাঙ্গীর তার কাছ থেকে দুই মাসের জন্য ২৫ লাখ টাকা এবং একটি গাড়ি ধার নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনোটিই ফেরত দেননি তিনি।
এ ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েও ন্যায়বিচার পাননি বলে জানিয়েছেন আসওয়াদ হারুন। এ কারণে টাকা ও গাড়ি ফেরত পেতে আদালতে আবেদন জানিয়েছেন এ অভিনেতা।
এর আগে ২০২৪ সালে পাকিস্তান দণ্ডবিধির ৪২০ ধারার অধীনে দায়েরকৃত মামলায় বলা হয়েছে, নাজিশ জাহাঙ্গীর একটি প্রকল্পের জন্য টাকা ও গাড়ি ধার করেছিলেন। কিন্তু ছয় মাস পরও ফেরত দেননি। অর্থ ও সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন তিনি। এ কারণে একটি ফার্মহাউজে বৈঠকও ডেকেছিলেন। কিন্তু সেখানে উপস্থিত হননি অভিনেত্রী। এ সময় আসওয়াদ হারুনকে সিকান্দার খান নামে এক ব্যক্তি তাকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠে।
অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর এর আগে গ্রেপ্তারের আগ মুহূর্তে জামিনের আবেদন করেছিলেন। ওই সময় তিনি যুক্তি দিয়েছিলেন যে, অভিযোগটি কেবল তাকে অপমান ও হয়রানি করার জন্য করা হয়েছে। তবে তার জামিন আবেদন তখন খারিজ করা হয়েছিল।
বিনোদন ডেস্ক 




































