
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কন্যা সন্তান হওয়ার পর কিছুদিন বিরতি নিয়েছিলেন তিনি। তবে ছুটির ঘন্টা শেষ হলো তার। আবার কাজে ফিরছেন তিনি। তবে অনবদ্য এক চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এই বলি নায়িকা।
দীপিকা পাড়ুকোন এবার হতে চলেছেন শাহরুখের মেয়ে সুহানা খানের মা। তবে তা বাস্তবে নয়। দেখা যাবে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেও কাহিনিতে বেশ গুরুত্ব রয়েছে দীপিকার। বিশেষ এই চরিত্রের জন্য শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ দু’জনেরই পছন্দ ছিলেন দীপিকা। স্ক্রিনে খুব বেশি সময়ের জন্য থাকতে পারবেন না জেনেও সানন্দে এই প্রস্তাবে রাজি হয়ে যান অভিনেত্রী।
এর আগে ‘জওয়ান’ ছবিতে শাহরুখের মায়ের ভূমিকায় দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। তবে এই প্রথম পর্দায় এক যুবতী কন্যার মা হতে চলেছেন তিনি।
নির্মাতাদের তরফ থেকে ‘কিং’-এর কাহিনি সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে এটি যে প্রতিহিংসা সংক্রান্ত অ্যাকশন থ্রিলার হতে চলেছে, সেটা নিশ্চিত।
ফ্রেঞ্চ ক্ল্যাসিক ‘লিওন’ থেকে কিছুটা অনুপ্রেরণা নিয়ে ২০০০ সালে তৈরি হয়েছিল ‘বিচ্ছু’। সেই ছবির খানিক ধাঁচ পাওয়া যাবে ‘কিং’-এ।
এই মুহূর্তে পুরোদমে চলছে ছবির প্রি প্রোডাকশন। সম্ভবত পরের মাস থেকেই শ্যুটিং ফ্লোরে আসতে চলেছে এই ছবি। সব ঠিকঠাক থাকলে ২০২৬-এই মুক্তি পাবে শাহরুখ-সুহানা অভিনীত ‘কিং’।
বিনোদন ডেস্ক 























