
কঙ্গনা রানাওয়াত, যাকে বলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী বলা হয়। স্বঘোষিত বলিউড ‘ক্যুইন’ও তিনি। মুম্বাই গিয়ে অভিনয় দাপটে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে ব্যক্তিজীবনে একাধিকবার ‘ঘর ভাঙানি’ খ্যাতি জুটেছে তার। বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন। এরপরও থেমে থাকেননি। এগিয়ে গিয়েছেন নিজ লক্ষ্যে।
রাজনীতিতে যুক্ত হয়ে সফলতাও পেয়েছেন। গত বছরের লোকসভা নির্বাচনে মান্ডির সংসদ সদস্য নির্বাচিত হয়ে সবাইকে দেখিয়ে দিয়েছেন, অন্যায় হলে চুপ থাকা বা দমে যাওয়ার মানুষ নন তিনি। এবার বাড়ির লাখ টাকা ইলেকট্রিক বিল নিয়ে হিমাচলের কংগ্রেস সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন এ অভিনেত্রী।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার। এতেই চটে গেছেন। এ কারণে সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড় দেননি। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।
কঙ্গনা রানাওয়াতের ভাষ্য, এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। যেখানে আমি থাকিই না। কতটা নাজুক অবস্থা, দেখুন। আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।
তিনি বলেন, তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেয়া আমাদের সবার দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।
বিনোদন ডেস্ক 



















