
কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল হামলার কারণে আবারও অশান্ত হয়ে পড়েছে ওই অঞ্চল। এরইমধ্যে ঘটনার প্রায় তিনদিন হয়েছে। কিন্তু পরিস্থিতি থমথমে। অঞ্চলটির অপার সৌন্দর্যের বর্ণনা ভুলে ‘প্রাণহীন’ ভূস্বর্গের বাতানে এখন শুধুই হাহাকার। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতে নিজ জন্মভূমি কাশ্মীরেই অবস্থান করছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।
এ অভিনেত্রী বৈসরণ উপত্যকায় ভয়াবহ হামলার ঘটনার প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি ‘নতুন কাশ্মীর’ গড়ার ডাক দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ক্যানসার আক্রান্ত এ অভিনেত্রী বলেন, একজন ভারতীয় এবং সর্বপরি মুসলিম হিসেবে আমি লজ্জিত।
হিনা খান সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ভারতের জন্য অন্ধকার দিন। অশ্রুসিক্ত চোখে সমবেদনা জানাচ্ছি। বাস্তব কখনো এড়ানো যায় না। সন্ত্রাসীরা যে অমানবিক আক্রমণ করেছে, তা ভাবনার বাইরে। তিনি আরও লিখেছেন, আমার মন দুমড়ে-মুচড়ে গেছে। একজন মুসলিম হিসেবে আমি সব হিন্দু ভাই-বোন এবং আমার সহ-নাগরিকদের কাছে ক্ষমা চাইছি।
এ অভিনেত্রী লিখেছেন, আমি মানসিকভাবে বিধ্বস্ত। এ যন্ত্রণা আমার একার নয়, প্রতিটি ভারতীয়র। এই ঘৃণ্য ঘটনার তীব্র বিরোধিতা করে সবার শান্তি কামনা করি। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের মন থেকে ঘৃণা করি আমি।
এছাড়া হিনা খান তার দীর্ঘ পোস্টে একপর্যায়ে নিজের মাতৃভূমির কথা মনে করে জানান, কাম্মীরের তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। তাদের মনে অখণ্ড ভারতের প্রতি বিশ্বাস ও আনুগত্য দেখতে পাই। সেই কাশ্মীরকে ফিরিয়ে আনার সময় এসেছে, যখন কাশ্মীরি হিন্দু পণ্ডিত ও কাশ্মীরি মুসলিমরা একসঙ্গে পরিবারের মতো বসবাস করতেন।
বিনোদন ডেস্ক 























