
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রিকশাচালক এক বাবার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন। তার নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নেতারা দ্রুত উদ্যোগ নিয়ে রিকশাচালক রফিকুল ইসলামের ছেলেকে সৌদি আরবে যাওয়ার বিমানের টিকিটের ব্যবস্থা করেছেন।
সিলেট মহানগর বিএনপি সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক রিকশাচালকের আকুতিতে সাড়া দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট নগরের রিকশাচালক রফিকুল ইসলাম দীর্ঘদিন রিকশা চালিয়ে ধীরে ধীরে টাকা জমিয়েছেন একটি মাটির ব্যাংকে। জমা করা সেই অর্থ দিয়েই তিনি ছেলের সৌদি আরবের ভিসার ব্যবস্থা করেন।
কিন্তু ভিসার মেয়াদ সীমিত হওয়ায় টিকিট কেনার জন্য পর্যাপ্ত টাকা জোগাড় করতে পারেননি। এতে তার ছেলের বিদেশযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল। রফিকুল ইসলামের একটি মানবিক আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হলে বিষয়টি চোখে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। এটা আমাদের রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যও বটে। আমরা খুশি যে, একজন বাবার স্বপ্ন পূরণে পাশে দাঁড়াতে পেরেছি বলেও মন্তব্য করেন তিনি।
সিলেট প্রতিনিধি 







































