
সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে ফের বড় পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। চলতি মাসের ২০ তারিখে সিনেমাটি মুক্তি পাবে। এর পরপরই তিনি শুরু করতে যাচ্ছেন ‘মহাভারত’ সিনেমার কাজ। সম্প্রতি সিনেমার প্রচারণায় আমির খান জানালেন তার অভিনয় থেকে অবসরের বিষয়ে। রাজ শামানির পডকাস্টে হাজির হয়ে আমির জানালেন, ‘মহাভারত’ হতে পারে তার জীবনের শেষ সিনেমা।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, আমির বলেন, আমার স্বপ্ন ‘মহাভারত’ সিনেমা তৈরি করা। ‘সিতারে জমিন পার’ মুক্তির পরই কাজটা শুরু করব। আমার মনে হয়, এটা এমন একটি কাজ, যেটা একবার করে ফেললে মনে হতে পারে এবার আর কিছু করার বাকি নেই। কারণ এই গল্পে আবেগ, বিশালতা আছ এবং রাজকীয়তা আছে। পৃথিবীতে যা কিছু আছে, তার সবই মহাভারতে আছে।
তিনি আরও বলেন, আমি চাই যে, কাজ করতে করতেই আমার মৃত্যু হোক। ‘মহাভারত’ করার পর হয়তো আমার মনে হবে আমি সিনেমা থেকে অবসর চাই। হয়তো আমি নিশ্চিত না নিজের সিদ্ধান্তের বিষয়ে।
এর আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন ‘মহাভারত’কে সিনেমায় বলা যাবে না। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে চাই, তাহলে একাধিক পরিচালক লাগবে। ‘লর্ড অফ দ্য রিংস’-এর মতো একসঙ্গে সব অংশ শুট করা লাগতে পারে। আমরাও তেমন কিছু করতে পারি,
অন্যদিকে, আমির ভক্তরা এখন ‘সিতারে জমিন পার’ মুক্তির অপেক্ষায় আছেন। সিনেমাটির ট্রেলার এবং গান তাদের আগ্রহ আরও বাড়িয়েছে। নেট দুনিয়ায় সিনেমাটির ট্রেলার ভাইরাল। আমির খানের ২০০৭ সালের প্রশংসিত সিনেমা ‘তারে জমিন পার’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল হিসেবে বলা হচ্ছে ‘সিতারে জমিন পার’ সিনেমাটিক । এখানে আমির খানকে দেখা যাবে এক বাস্কেটবল কোচের চরিত্রে। তার সঙ্গে আছেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা এবং আরও ১০ জন নবাগত তারকা। সিনেমা পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন এবং প্রযোজক আমির খান ও অপর্ণা পুরোহিত।
বিনোদন ডেস্ক 




































