
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১লা জুন) বিকেলের দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব তামাকমুক্ত দিবস- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল তালুকদার।
প্রধান অতিথি ইমদাদুল হক তালুকদার বলেন- আজ আমরা এখানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে একত্রিত হয়েছি। প্রতিবছর ৩১ মে এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে।
দিবসটি আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে, একটি সুস্থ, সবল ও উন্নত সমাজ গঠনের জন্য তামাকবিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে হবে।
তামাকের ভয়াবহতা আমরা সবাই জানি। এটি শুধু ধূমপানের মাধ্যমে নয়, বিড়ি, জর্দা, গুলসহ নানা উপায়ে আমাদের শরীর ও সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর পৃথিবীতে ৮০ লক্ষাধিক মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করে। আমাদের বাংলাদেশেও প্রতি বছর হাজার হাজার মানুষ অকালে প্রাণ হারান, আর এর সঙ্গে জড়িত রয়েছে আর্থিক ক্ষতি, স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশ বিপর্যয়।
আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জীবন দিতে চাই, তাহলে এখনই সময় তামাকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, বাজার, বাসস্থান, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানকে তামাকমুক্ত রাখতে হবে। সরকার ইতোমধ্যে তামাক নিয়ন্ত্রণ আইন ও নীতিমালা প্রণয়ন করেছেন- আমাদের দায়িত্ব সেগুলো বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমরা সকল প্রকার তামাকবিরোধী কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবো। স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি, মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ এবং সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা একত্রে একটি তামাকমুক্ত সমাজ গড়বো।
পরিশেষে, আমি আহ্বান জানাই — আসুন, আমরা সকলে নিজে তামাক থেকে বিরত থাকি এবং অন্যকেও নিরুৎসাহিত করি। তামাকমুক্ত পরিবার, তামাকমুক্ত সমাজ এবং এক সময় তামাকমুক্ত বাংলাদেশ গঠনে সকলে একসাথে কাজ করি।
কেন্দুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাঈম হাসান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুুর রহমান, উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনূসুর রহমান রনি, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. রইছ উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংবাদিক রাখাল বিশ্বাস, সমরেন্দ্র বিশ্ব শর্মা, রুকন উদ্দিন, সালাউদ্দিন সালাম, কাওসার তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন খান, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম খান শান্তি প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে- বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম তামাকজাত পণ্য (জর্দা) পরিহার করার ঘোষণা দেন।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 





































