
ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে সানজিদা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ জুন) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ সানজিদা শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার সাইফুল ইসলাম লিটনের মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, সানজিদা দুপুরের পর তার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গ্রামসংলগ্ন করতোয়া নদীতে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন তাকে উদ্ধার করতে নদীতে নৌকা নিয়ে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম বন্ধ রাখেন।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে কলেজছাত্রী সানজিদা খাতুন নদীতে ঝাঁপ দিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল নদীতে তল্লাশি করে তাকে উদ্ধার করতে পারেনি।
বগুড়া প্রতিনিধি 







































