
সারাদেশে শনিবার (৭ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে কর্মের টানে দূরে অবস্থান করা সবাই কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছেন। কিন্তু ঘরমুখো মানুষের এই ঈদযাত্রায় নিম্ন আয়ের মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ভাড়া।
ঈদযাত্রায় পরিবহনের অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই হিমশিমে পড়ছেন। অল্প টাকায় বাড়ি ফিরতে অনেকেই বিকল্প উপায় বেছে নিচ্ছেন। এরইমধ্যে কেউ কেউ আবার বাধ্য হয়েই সাইকেলে করে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তেমনই একজন গাইবান্ধা জেলার ফকিরহাটের মধ্যবয়সী মো. রাজু।
এবারের ঈদে মো. রাজুর ইচ্ছা ছিল ছুটিতে পরিবারের সবার সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাবেন। কিন্তু বাসে অতিরিক্ত ভাড়া চিন্তায় ফেলে দেয় তাকে। ঢাকা থেকে গাইবান্ধা যাওয়ার বাস ভাড়া দুই হাজার টাকা। আয় কম হওয়ায় কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।
বৃহস্পতিবার (৫ জুন) সংবাদমাধ্যমে এমনই একটি প্রতিবেদন প্রকাশ হলে তা মুহূর্তেই ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় এর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মো. রাজুকে গাইবান্ধায় গ্রামের বাড়ি ফেরার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সাহায্য করছেন। সেনাবাহিনীর সদস্যরা ঈদ সামগ্রীও উপহার দেন তাকে।
এ সময় মো. রাজুর কাছে সাইকেলে বাড়ি ফেরার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই হাজার টাকায় টিকিট কিনলে পোলাপান খাবি কী?’ এ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে নেটিজেনরা সহমর্মিতা প্রকাশ করেন।
শুক্রবার (৬ জুন) সেই ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালোবাসা আর ভালো মানুষ এখনো আছে। সূত্র-চ্যানেল ২৪
বিনোদন ডেস্ক 



















