
কেন্দুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. রোকন উদ্দিন ভূঞাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত রোকন উদ্দিন ভূঞা (৬০) সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের বাসিন্দা ও আলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, রোকন উদ্দিন ভূঞা রবিবার বিকেলে বাড়ী থেকে অটোরিকশা যোগে সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন। তিনি ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছতেই প্রতিপক্ষ একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতত্বে মাসুদ, রাকিবসহ ৫/৬ জন ধারালো অস্ত্র দিয়ে রোকন উদ্দিন ভূঞার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্হানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন আগে রোকন উদ্দিন ভূঞার ভাতিজা সজিবের সাথে তাইজ্জত আলীর ছেলে রাকিবের কথা-কাটাকাটি হয়েছিল। এরই জের ধরে রোকন উদ্দিন ভূঞাকে কুপিয়ে জখম করেছে বলে ধারণা করছে আহতের পরিবার। তাইজ্জত আলীর ছেলে রাকিব ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান- পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 







































