
যশোর প্রতিনিধি
যশোরে জুতার ভেতরে অভিনব কায়দায় রাখা ৫টি স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বারগুলোর ওজন ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। আটক ময়নাল মোল্লা ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তার জুতার ভেতরে অভিনব কায়দায় স্বর্ণের বারগুলো লুকানো ছিল।
জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে বারগুলো সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটক ময়নালকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
যশোর প্রতিনিধি 







































