
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মুরসালিন ইসলাম তুরান ও সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের ইশতিয়াক আহমেদ হিমেল নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তারুণ্য’র ১১ তম যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান,ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।
নবনির্বাচিত সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন, ‘ তারুণ্য একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবীমূলক সংগঠন যা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠসহ অনেক কাজ করে যাচ্ছে। আমি তারুণ্য’র এ অগ্রগতি অনন্য উচ্চতায় পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রত্যাশী।’
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি 


























