
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো ও তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফল উৎসব করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় বটতলায় এই আয়োজন করে সংগঠনটি।
উৎসবে সিআরসি স্কুলের শিশুদের নিয়ে নানা ধরনের ফলভিত্তিক খেলাধুলা, আনন্দ আয়োজন ও সুস্বাদু ফল খাওয়ার ব্যবস্থা করে সংগঠনটি। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্য, সিআরসি স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিআরসির সভাপতি ইমদাদুল হক বলেন,’ আমাদের একটা স্কুল আছে। এই স্কুলে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকি। এই স্কুলে প্রায় ২০ অধিক বাচ্চা আছে ৫ থেকে ৭ বছরের মধ্যে। তাদের কারো মা নেই আবার কারো বাবা নেই। আমরা তাদের একত্রিত করে একটা স্কুল পরিচালনা করে আসছি প্রায় ৩ বছর ধরে। এই স্কুলে তাদেরকে বাংলা-ইংরেজির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক জ্ঞান অধ্যায়ন করাই। আজ আমরা এই বাচ্চাদের নিয়ে ফল উৎসবের আয়োজন করেছি। এই মৌসুমের প্রায় সকল ফল নিয়েই এই ফল উৎসব শুরু করা হয়েছে। আমাদের এই ফল উৎসবের মূল বিষয় ছিল, এই বাচ্চাদের একত্রিত করে ফল খাওয়ার মাধ্যমে আনন্দ দেওয়া এবং শিক্ষানবিশ পরিবেশে এনে শিক্ষার প্রতি আগ্রহী বাড়ানো।’
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ চালিয়ে আসছে সংগঠনটি।
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি 


























