
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় বসতবাড়িতে ব্যাপকভাবে হামলা ও ভাঙচুর করে লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি গত রবিবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের নিলাম্বরখিলা গ্রামের দরিদ্র কৃষক শামছুল হকের বসতবাড়িতে ঘটেছে।
হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে শামছুল হকের ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে একই গ্রামের পার্শ্ববর্তী মো. শরিফ মিয়া, আজিজুল, হেলিম উদ্দিন, কাশেম, হাসেম, উসমান, আশিদ, রমজান এবং অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও সরেজমিনের মাধ্যমে জানা যায়, কেন্দুয়া উপজেলার নিলাম্বরখিলা মৌজার ৪ শতাংশ ৫০ পয়েন্ট বসতভিটা আনুমানিক ৭ বছর আগে একই গ্রামের মদিনা আক্তারের নিকট থেকে ক্রয় করেন দরিদ্র কৃষক শামছুল হক এবং জমির মালিক মদিনা আক্তার শামছুল হককে উক্ত বসতভিটা জায়গাটি সাব কাওলা করে দেন। পরবর্তীতে জায়গাটি মদিনা আক্তার মাপজোখ করে শামছুল হককে বুঝিয়ে দেন এবং তিনি তার দখলে নিয়ে ভোগদখল করে আসছিলেন।
কিন্তু হঠাৎ করে জোরপূর্বকভাবে মো. শরিফ মিয়া, আজিজুল, হেলিম উদ্দিন, কাশেম, হাসেম, উসমান, আশিদ, রমজান এবং অজ্ঞাত আরও ৪/৫ জন মিলে শামছুল হকের জায়গাটি বেআইনিভাবে বেদখল করার চেষ্টা করে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করে।
উক্ত জায়গাটিতে নতুনভাবে ঘর নির্মাণ করিলে ঘটনার তারিখ ও সময়ে আসামীরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং মামলার বাদী মো. মিজানুর রহমানের পুরাতন বসতঘরেও হামলা ভাঙচুর ও লুটপাট করে আসামীরা। মামলার বাদী মিজানুর রহমান বলেন আসামীরা নগদ ২ লাখ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে আমরা এখন পথের ভিখারি হয়ে গেলাম।
এছাড়াও আসামীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় আমাদের বলে যায় যেকোনো সময় যে-কোন স্থানে আমাদের পরিবারের কাউকে পেলেই খুনজখম করে ফেলবে এই ভয়ে আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিবাদীরা জানান, আমাদের বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 







































