
মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিবেদক
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল ১৭ জুলাই (বৃহস্পতিবার) রাজবাড়ীতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নের্তবৃন্দ।একইদিন জেলা শহরে পদযাত্রা শেষ করে ১নং রেলগেট শহীদ স্মৃতি চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা.তাসনিম জারা।তিনি লিখেছেন, রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মায় নৌকায় করে ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে।
আগামীকাল ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেটে।তাসনিম জারা আরও লেখেন, জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতো দয়ালু, কতটা সম্ভাবনাময়, প্রতিটি দিন তা নতুন করে মনে হচ্ছে। রাজবাড়িতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। এই পদযাত্রার সহযাত্রী এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নেতা, নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।এদিকে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে রাজবাড়ীতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পদযাত্রা ঘিরে জেলার প্রতিটি উপজেলায় চালানো হচ্ছে মাইকিং, সাঁটানো হচ্ছে পোস্টার। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চালানো হচ্ছে প্রচার-প্রচারণা।
মেহেদী হাসান (রাজবাড়ী) প্রতিবেদক 







































