
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দুয়া প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু’র শেষ যাত্রায় রাজনীতির কোন প্রতিনিধিত্ব ছিল না। পিন্টু’র কফিনে কেউ ফুল পড়ায়নি রাজনীতির পক্ষ থেকে। বরং নিরপেক্ষতার শেষ শ্রদ্ধা জানানো হয়েছে শুধুমাত্র কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে। প্রেসক্লাবের সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা স্বরূপ ফুল দিয়ে কফিন সজ্জিত করেন।
এই নিস্তব্ধতা এবং নিরপেক্ষ শ্রদ্ধায় স্থানীয় রাজনীতি থেকে দূরত্ব ও সামাজিক সম্মানের এক নতুন দৃষ্টান্ত স্থাপন হলো। কেন্দুয়া প্রেসক্লাবের এই সৌজন্য স্মরণীয় হয়ে থাকবে।
সর্বমহলের জনগণ কেন্দুয়া প্রেসক্লাবের এই নিস্পাপ নিরপেক্ষ শ্রদ্ধাকে সম্মান জানিয়েছেন।
এভাবেই শেষবারের মতো শোকের সঙ্গে বিদায় নিলেন সাবেক এমপি পিন্টু, যাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাল কেবলমাত্র কেন্দুয়া প্রেসক্লাব।
পরবর্তীতে বুধবার (৩০ জুলাই) বেলা আড়াইটার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব অডিটোরিয়ামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে প্রেসক্লাবের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের পরিচালনা বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, সিনিয়র সদস্য আলমগীর চৌধুরী, সৈয়দ আব্দুল ওয়াহাব, লিয়াকত আলী চৌধুরী কাজল, আশরাফ উদ্দিন ভূঞা, মরহুমের ভাগনে মো. জাকির আলম (প্রবাল) প্রমূখ।
আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, সাংবাদিক মজিবুর রহমান, মাইন উদ্দিন সরকার রয়েল, কোহিনূর আলম, মাজহারুল ইসলাম উজ্জ্বল, শাহ্ আলম, শাহ্ আলী তৌফিক রিপন ও মরহুমের পরিবারের লোকজন।
মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু নেত্রকোণা জেলা আ’লীগের সাবেক সদস্য। তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পরবর্তীতে নেত্রকোণা-৩ আসন থেকে বাংলাদেশ আ’লীগের মনোনয়ন পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নৌকার প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলকে পরাজিত করে তিনি বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদে যান।
কিন্তু গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় তাঁর স্বতন্ত্র সংসদ সদস্যের পদটি বিলুপ্ত হয়।
মরহুম ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু’র প্রথম জানাজা সোমবার (২৮ জুলাই) বাদ মাগরিব রাজধানী ঢাকার কলাবাগান বশিরুদ্দিন রোড জামে মসজিদ, দ্বিতীয় জানাজা মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজ মাঠে, তৃতীয় জানাজা বেলা সোয়া দুইটায় নেত্রকোণার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এবং সর্বশেষ চতুর্থ জানাজা বাদ আছর আশুজিয়া ইউনিয়নের জয়নাথ করোনেশন ইনস্টিটিউট খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর মরহুমের নিজ বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক এমপি পিন্টু (২৮ জুলাই) আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ঢাকায় মৃত্যুবরণ করেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: 







































