
আলাস্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। পাশাপাশি দ্বিতীয় বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে যুদ্ধবিরতি ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে মনে করেন তিনি। বৈঠকের দুদিন আগে বুধবার (১৩ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
ওই বৈঠকের পর পুতিনের উদ্দেশে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। তবে কী পরিণতি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। সম্প্রতি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এর জন্য গত ৮ আগস্ট পর্যন্ত সময়ও বেধে দেন। কিন্তু এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি।
বার্তায় দ্বিতীয় বৈঠকের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও অংশ নেবেন বলে আশা তার। বলেন, দ্বিতীয় বৈঠক আরও ফলপ্রসূ হবে এবং তিনি নিজেও সেখানে উপস্থিত থাকতে আগ্রহী। ট্রাম্প জানান, বৈঠকের মূল লক্ষ্য হবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত সমাধানের পথ তৈরি করা।
এদিকে জেলেনস্কি বলেছেন, পুতিন শুধুমাত্র ফাঁকা বুলি ছোঁড়েন, সত্যিই যুদ্ধ থামানোর ইচ্ছা পুতিনের নেই বলেও ট্রাম্পকে জানিয়েছেন তিনি। একই সময়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেন, প্রধান অগ্রাধিকার হল যুদ্ধবিরতি নিশ্চিত করা। আলোচনা সফল করতে ইউরোপের পক্ষ থেকে রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। ইউক্রেনের সামরিক কার্যক্রমে নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি।
ইউক্রেনের সমর্থনে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। পুতিনকে আলোচনার টেবিলে আনায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সততাপূর্ণ যুদ্ধবিরতি, রাশিয়ার উপর অর্থনৈতিক ও নীতি চাপ, আন্তর্জাতিক সীমানা অখণ্ড রাখা এবং ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী নিরাপত্তা নিশ্চিতে ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’ নামের ইউরোপীয় দলের ঘোষণাও দেন স্টারমার। ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে কোনো শান্তিচুক্তি করা যাবে না বলেও সতর্ক করেছেন ইউরোপীয় নেতারা।
এদিকে যুদ্ধবিরতি সম্ভাবনার মাঝেই নতুন পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ মিসাইল পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটা জানিয়েছেন দুই মার্কিন গবেষক ও এক পশ্চিমা নিরাপত্তা সূত্র। ওই স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, নোভায়া জামলার বারেন্টস সাগর প্রদেশের পাঙ্কোভো পরীক্ষা কেন্দ্রে সামরিক কর্মী, যন্ত্রপাতি, জাহাজ ও বিমান বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 







































