
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী ভিসা প্রদানের যে প্রক্রিয়া চলছে, তা সম্পূর্ণ পুনর্বিবেচনা করা হচ্ছে। এই পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান স্থগিত থাকবে।
কয়েক দিন আগে মার্কিন অলাভজনক সংস্থা ‘হিল’-এর সহায়তায় গুরুতর আহত তিন ফিলিস্তিনি শিশু ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য নেওয়া হয়। এরপরই যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থি রাজনৈতিক কর্মী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ লরা লুমের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে ইসলামিক অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান প্রশাসন। তার এই সমালোচনায় রিপাবলিকান দলীয় বহু নেতা-কর্মী ও সমর্থক সরব হন। এর কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা স্থগিতের ঘোষণা দেয়।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬১ হাজার ৯০০ জন নিহত এবং ১ লাখ ৫০ হাজারেরও বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী, শিশু ও বেসামরিক মানুষ।
আন্তর্জাতিক ডেস্ক 







































