
ভারতকে শুল্কের ‘মহারাজা’ আখ্যা দিয়ে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো, রাশিয়ান তেল আমদানি অব্যাহত রেখে নয়াদিল্লির বিরুদ্ধে ‘মুনাফাখোর পরিকল্পনা’ চালানোর অভিযোগ করেছেন।
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া ৫০ শতাংশ শুল্ক আগামী সপ্তাহ থেকে পরিকল্পনা অনুযায়ী কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন পিটার। খবর এনডিটিভি’র।
হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকরা ভারতের ওপর শুল্ক (২৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা) আরোপের বিষয়ে জানতে চাইলে নাভারো বলেন, ‘আমি এটা ঘটতে দেখছি।
ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার মতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে, ভারত কার্যত কোনো রুশ তেল কেনেনি…এটা তাদের প্রয়োজনের প্রায় এক শতাংশ ছিল। এখন সেই হার ৩৫ শতাংশে পৌঁছেছে…তাদের তেলের প্রয়োজন নেই। এটি একটি মুনাফা ভাগাভাগি প্রকল্প।ভারত রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখার ইঙ্গিত দেয়ার পর ওয়াশিংটন-নয়াদিল্লির মধ্যে নতুন করে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
৫০ শতাংশ উচ্চ শুল্কের কারণে ‘হতাশ’ ভারত সরকার রাশিয়ার সাথে তার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেছে এবং সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের সাথে উত্তেজনা কমানোর পদক্ষেপ নিয়েছে।
এর মধ্যেই, ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং যুক্তরাষ্ট্রকে ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে বলেছেন, দেশটি সবসময় মুক্ত বাণিজ্য থেকে লাভবান হয়েছে, অথচ এখন শুল্ককে ‘দর কষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি বলেন, ‘চীন দৃঢ়ভাবে ভারতের পাশে থাকবে, কারণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দুই শক্তিশালী ইঞ্জিন হলো ভারত ও চীন।’
এর আগে, ভারত-চীনের শীর্ষ কর্মকর্তাদের সম্মতিতে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লি সফরের পর কর্মকর্তারা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন।
আন্তর্জাতিক ডেস্ক 






































