
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে একটি গোলাগুলির ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। ভিক্টোরিয়া রাজ্যের একটি গ্রামীণ এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির। এ বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে পরবর্তীতে তারা আরও তথ্য জানাতে পারবে বলেও জানানো হয়। এদিকে, অস্ট্রেলিয়ান পুলিশ নিশ্চিত করেছে যে মেলবোর্ন থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে পোরেপুঙ্কা শহরের একটি সম্পত্তি ঘিরে ঘটনাটি ঘটে। তবে ঘটনাটি সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় দুই কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মতে, কর্মকর্তারা যখন একটি তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তখনই ঘটনাটি ঘটে।
এদিকে, এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বিবৃতিতে, ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালেন বলেছেন, ভিক্টোরিয়ার উত্তর-পূর্বে পোরেপুঙ্কাহে বর্তমানে একটি পুলিশ অভিযান চলছে।
তিনি জানান, ‘ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার আমাকে ব্রিফ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনও অভিযান চলছে।’
তবে সরকারি সম্প্রচারক এবিসিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে যে ঘটনার পর বন্দুকধারী পলাতক রয়েছে।
নিজস্ব সংবাদদাতা 





































