
মার্কিন কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ অ্যাশলে জে. টেলিস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতারিত বোধ করছেন কারণ তিনি ভারত-পাকিস্তান সংঘাত সমাধানের কৃতিত্ব পাননি। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে টেলিস এ কথা জানান। বুধবার (৩ সেপ্টেম্বর) এনডিটিভি এ খবর জানিয়েছে।
টেলিস বলেন, ‘আমি মনে করি তিনি প্রতারিত বোধ করছেন যে, ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংকট সমাধানের জন্য তিনি যে কৃতিত্ব পাওয়ার যোগ্য বলে মনে করেন তা তিনি পাননি।
সম্প্রতি রাশিয়ার তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া মে মাসে পাকিস্তানের সাথে ভারতের কয়েকদিনের সামরিক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই প্রতিবেশি দেশ।
সে সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগ নেয়ায় ওই যুদ্ধবিরতি হয় ভারত-পাকিস্তানের। কিন্তু নয়াদিল্লি ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার ভূমিকা অস্বীকার করার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত ও মার্কিন সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়।
সাক্ষাৎকারে টেলিস বলেছেন, ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি হওয়ার পেছনে বাইরের কোনো ভূমিকা কাজ করেনি ভারতের এমন দাবির প্রতি অসন্তোষ জানান ট্রাম্প।
এদিকে, মার্কিন সরকারি কর্মকর্তারা রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা অব্যাহত রাখার বিষয়ে তীব্রভাবে কথা বলেছেন। যুক্তি দিয়েছেন যে এটি ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের সমান। যে যুদ্ধ ট্রাম্প গত বছর কয়েক ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন বলে ঘোষণা দেয়ার পরেও শেষ করতে ব্যর্থ হয়েছেন।
ভারতকে শুল্কের মহারাজ আখ্যা দিয়ে, ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো নয়াদিল্লিকে রাশিয়ান তেল আমদানি অব্যাহত রেখে মুনাফাখোর পরিকল্পনা চালানোর অভিযোগ করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক 

























