
ভারতের ওড়িশায় পুরীর সমুদ্র সৈকতের কাছে প্রেমিকের সামনে ১৯ বছর বয়সি এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার (১৫ সেপ্টেম্বর) জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শনিবার ভুক্তভোগী তরুণী এবং তার প্রেমিক বালিহারচণ্ডী মন্দিরের কাছে বসে ছিলেন। তখন এই ঘটনাটি ঘটে। অভিযুক্তরা ওই তরুণ-তরুণীর ভিডিও করতে শুরু করে এবং সেই ভিডিও মুছে ফেলার বিনিময়ে তাদের কাছে টাকা দাবি করে।
কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে, ওই দলের দুই ব্যক্তি তরুণীকে ধর্ষণ করে এবং অন্যরা তার প্রেমিককে মারধর করে এবং তাকে একটি গাছের সাথে বেঁধে রাখে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, যৌন নির্যাতনের যন্ত্রণা থেকে বেরিয়ে আসার পর সোমবার সন্ধ্যায় মেয়েটি একটি মামলা দায়ের করেছে। তিন অভিযুক্ত, যারা সবাই স্থানীয়, তাদের গ্রেফতার করা হয়েছে। তবে মামলার আরেক আসামি বর্তমানে পলাতক বলে জানিয়েছে এনডিটিভি।
গ্রেফতারের আগে তারা ভিডিওগুলো মুছে ফেলেছে বলে জানা গেছে। প্রতিবেদন মতে, সাম্প্রতিক মাসগুলোতে ওড়িশায় যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে। সূত্র: এনডিটিভি
আন্তর্জাতিক ডেস্ক 







































