
ইসরাইলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকির অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পাশাপাশি, ইরান ও কাতারে হামলার নিন্দা জানিয়ে অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করেছেন তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে ল্যাভরভ বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবৈধ শক্তিপ্রয়োগ এবং ইরান, কাতার, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ইরাকের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসী পদক্ষেপ আজ সমগ্র মধ্যপ্রাচ্যকে উড়িয়ে দেয়ার হুমকিতে ফেলেছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর-ডানপন্থি মিত্রদের অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার প্রস্তাবের তীব্র সমালোচনা করে, ল্যাভরভ বিষয়টিকে ‘ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্তকে চাপা দেয়ার’ প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, পশ্চিম তীরকে সংযুক্ত করার পরিকল্পনার কোনো যুক্তি নেই। এটি মূলত কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি অভ্যুত্থান।
ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা শক্তি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং গাজায় ইসরাইলের চলমান যুদ্ধে ‘হতাশা’ প্রকাশ করেছে। ইসরাইলের সবচেয়ে শক্তিশালী সমর্থক যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের বিরোধিতা করলেও, আরব মিত্রদের উদ্বেগ প্রকাশের পর নেতানিয়াহুকে সংযুক্তির (পশ্চিম তীর) পথে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
পশ্চিমাদের বিলম্বিত স্বীকৃতিকে (ফিলিস্তিনি রাষ্ট্রের) উপহাস করে ল্যাভরভ প্রশ্ন করেন, ‘তাদের এত সময় কেন লাগল?’
প্রসঙ্গত, সোভিয়েত আমল থেকেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আসছে রাশিয়া।
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে পশ্চিমা শক্তিগুলোকে কূটনীতিতে নাশকতার জন্য অভিযুক্ত করে, ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের আচরণের সমালোচনাও করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বলেছেন, মস্কো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোকে ‘অবৈধ’ বলে মনে করে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আন্তর্জাতিক ডেস্ক 


























