
যশোর অফিস
যশোরের শার্শার বাগআঁচড়ার মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শ্রমিকদের অভিযোগ, পাম্পে ওজনে কম তেল দেওয়া হচ্ছে। এ অভিযোগে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা সোমবারও ফিলিং স্টেশনটি বন্ধ করে রেখেছেন।
গত রোববার এক ক্রেতার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়। ফিলিং স্টেশনে তেল নিতে এসে তিনি কম তেল পেয়েছেন বলে দাবি করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় শ্রমিক নেতাদের নেতৃত্বে একদল শ্রমিক স্টেশনে মাছবাহী ট্রাক দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় ফিলিং স্টেশনের মালিক মরহুম গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা ও তাঁর ভাই ঘটনাস্থলে গেলে তাঁদেরও সারাদিন অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
বিএসটিআই কর্মকর্তা রাকিব ইসলাম জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরিদর্শনে গেলে শ্রমিকদের বাধার মুখে পড়তে হয়। পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তিনি আরও বলেন, রিজার্ভ ট্যাংকে ডিজেল না থাকায় সঠিকভাবে ওজন পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে একটি মেশিন থেকে অতিরিক্ত তেল যাচ্ছে বলে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ফিলিং স্টেশনটি নিয়ে দীর্ঘদিন ধরেই দখল ও মালিকানা বিরোধ চলছে। বিএনপি নেতা আনোয়ার হোসেন জাল কাগজপত্র তৈরি করে পাম্পটি দখলের চেষ্টা করেছিলেন। পরে আদালত ও পুলিশের হস্তক্ষেপে মালিকপক্ষ স্টেশনের দখল ফিরে পায়। এ ঘটনায় আনোয়ার হোসেনকে দল থেকেও বহিষ্কার করা হয়।
মালিক তনিমা তাসনুভা অভিযোগ করেন, শ্রমিকদের আড়ালে একটি চক্র ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দেড় শতাধিক শ্রমিকের তালিকা দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।”
অন্যদিকে শার্শা-নাভারণ ও বাগআঁড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু বলেন, পাম্পে কম তেল দেওয়ার কারণে শ্রমিকরা ফিলিং স্টেশন অবরুদ্ধ করেছে। স্থানীয়ভাবে সালিস বসে পাম্প কর্তৃপক্ষকে মীমাংসার কথা বলা হয়েছে।
শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, ওই দিন পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো অভিযোগ দেয়নি।
যশোর অফিস 







































