
সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে খাদ্যে বিষপ্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে আসাদকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং গত সোমবার চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
গেল বছরের ডিসেম্বরে আহমেদ আল সারার নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন আসাদ। এরপর তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেন। ৮ ডিসেম্বর থেকে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে আছেন।
সিরীয় অবজারভেটরি দাবি করেছে, এই হত্যাচেষ্টার মাধ্যমে রুশ সরকারকে বিব্রত করা এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকার সময় আসাদের ভাই মাহের আসাদকে দেখা করার অনুমতি দেয়া হয়েছিল বলেও সংস্থাটি জানিয়েছে।
রাশিয়ার সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে গত সপ্তাহে একটি প্রতিবেদনে বলা হয়, গুরুতর অসুস্থ অবস্থায় আসাদকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
সিরিয়ার নতুন সরকার এরই মধ্যে মস্কোর কাছে আসাদকে ফেরত চেয়েছে। তবে সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ৬০ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর থেকে প্রকাশ্যে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি রুশ গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারির মধ্যে অবস্থান করছেন।
সূত্র: দ্য সান
আন্তর্জাতিক ডেস্ক 


























