
যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় শনিবার রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, স্থানীয় কর্তৃপক্ষ এটিকে মুসলিম বিদ্বেষমূলক অপরাধ হিসেবে ধারণা করছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
সাসেক্স পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাত ১০টার কিছু আগে পিসহ্যাভেন শহরের ওই মসজিদে আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপণ কর্মীদের ডাকা হয়।
অগ্নিকাণ্ডের কারণে মসজিদ ভবনের প্রধান প্রবেশদ্বার ও বাইরে পার্ক করা একটি গাড়ির ক্ষতি হয়েছে। তবে ভাগ্যক্রমে মসজিদের ভেতরে অবস্থান করা দু’জন ব্যক্তি অক্ষত অবস্থায় নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
স্থানীয় অলাভজনক সংস্থা ব্রাইটন অ্যান্ড হোভ মুসলিম ফোরামের চেয়ারম্যান তারিক জং দ্য নিউইয়র্ক টাইমসকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, শনিবার রাতে মসজিদের ভেতরে যারা ছিলেন, তারা সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।
তিনি বলেন, তারা সৌভাগ্যক্রমে আগুনে পুড়ে মারা যাওয়া থেকে রক্ষা পেয়েছেন। সিনাগগে সন্ত্রাসী হামলা এবং মসজিদে সন্দেহজনক অগ্নিসংযোগের এই ঘটনায় তিনি হতবাক। তারিক জং দুঃখ প্রকাশ করে বলেন, উপাসকরা কখনোই এই ভেবে উপাসনালয়ে যান না যে, তারা আক্রান্ত হতে পারেন।
এর আগে বৃহস্পতিবার ম্যানচেস্টারে একটি সিনাগগে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলে হামাসের হামলা এবং পরবর্তীতে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পর থেকে ব্রিটেনে ইহুদি-বিদ্বেষ এবং মুসলিম-বিদ্বেষ উভয়ই বৃদ্ধি পেয়েছে। মুসলিম-বিরোধী বিদ্বেষ ট্র্যাক করা সংস্থা টেল মামার গত ফেব্রুয়ারির এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালে ব্রিটেনজুড়ে ৬ হাজারেরও বেশি মুসলিম-বিরোধী ঘটনা নথিভুক্ত হয়েছে; যা সংস্থাটির রেকর্ড শুরু করার পর গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
সিনাগগে হামলার পর ব্রিটিশ পুলিশ ম্যানচেস্টারজুড়ে এবং দেশজুড়ে ইহুদি সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন স্থানে অতিরিক্ত টহল ও পুলিশের উপস্থিতি জোরদার করেছে।
মসজিদে অগ্নিসংযোগের পর রোববার সাসেক্স পুলিশ জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের লোকজনকে আশ্বস্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আমরা সেটি বুঝতে পারছি, এই ঘটনাটি সমাজে উদ্বেগের সৃষ্টি করেছে এবং মুসলিম সম্প্রদায়ের ওপর এর প্রভাব পড়বে।
আন্তর্জাতিক ডেস্ক 




































