
ইবি প্রতিনিধি:
১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) প্রকাশিত গেজেটে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের গেজেটভুক্তের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। এতে অনতিবিলম্বে বাদ পড়া ইবি শিক্ষার্থী মেহেনাজ হুমায়রাসহ ১২ জন সুপারিশপ্রাপ্তদের যোগদান নিশ্চিতকরণ এবং বিজেএস পরীক্ষায় প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়া সংশোধনসহ জবাবদিহিতা এবং বিলম্বের কারণ ব্যাখ্যার দাবি জানান তারা।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “১৭তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ১৩ জনকে গেজেট না করা নিঃসন্দেহে বৈষম্যমূলক সিদ্ধান্ত। কারও রাজনৈতিক মত, পারিবারিক পরিচয় বা ব্যক্তিগত অবস্থানকে সামনে এনে তার চাকরির পথ বন্ধ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তারা আরও বলেন, “আমরা যারা আইন বিভাগে আছি, আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমাদের একটাই দাবি: মানুষকে তার মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। দল-মত নির্বিশেষে মানবাধিকারকে সম্মান করতে হবে। শুধু বর্তমান সরকারই নয়, ভবিষ্যতের সরকারকেও এই ন্যায়-নীতিকে অনুসরণ করতে হবে।”
জানা যায়, ২০২৪ সালের অক্টোবর মাসে ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন মোট ১০২ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে। প্রায় ১০ মাস অপেক্ষার পর ২৭ নভেম্বর নিয়োগ গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। সেখানে মাত্র ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয় এবং শিক্ষার্থী মেহেনাজসহ সুপারিশপ্রাপ্ত বাকি ১৩ জনের নাম কোনো কারণ উল্লেখ না করেই বাদ দেওয়া হয়।
এ ঘটনায় তীব্র হতাশা, ক্ষোভ ও ন্যায়বিচার নিশ্চিতে জরুরি ব্যাখ্যা দাবি করেন তারা।
ইবি প্রতিনিধি: 


























