
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মো. ওয়াজ আলী (৬০) কে বগুড়ার শেরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে শাহজাদপুর থানার একটি দল বগুড়ার শেরপুর থানা পুলিশ ও র্যাবের সহযোগিতায় শেরপুর পৌর শহরের কসাইপট্টি মহল্লায় অভিযান চালিয়ে ওয়াজ আলীকে গ্রেপ্তার করে। পরে তাকে শাহজাদপুর থানায় নেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কলেজছাত্র সাব্বির। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা ওসমান শেখ বাদী হয়ে ওয়াজ আলীকে প্রধান আসামি করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ২৪ আগস্ট আদালত প্রধান আসামি ওয়াজ আলীসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে ওয়াজ আলী পলাতক ছিলেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি 





































