
যশোর অফিস
বাঙালি মুসলিম সমাজের জাগরণ, নারীচিন্তা ও প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় শিখাগোষ্ঠীর ঐতিহাসিক ভূমিকা নিয়ে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে আয়োজিত এই সভার মূল প্রতিপাদ্য ছিল“শিখাগোষ্ঠী, নারীচিন্তা ও প্রগতিশীল চেতনা: বাঙালি সাহিত্য ও সংস্কৃতির রূপান্তর”।
জনাব বেনজীন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে শিখাগোষ্ঠীর আদর্শ, নারী লেখকদের ভূমিকা এবং বাঙালি মুসলিম সমাজে মুক্তবুদ্ধির বিকাশ নিয়ে একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপিত হয়।
আলোচনা সভায় মাহফুজা মাহবুব প্রবন্ধ উপস্থাপন করেন “বাঙালি মুসলিম সমাজে শিখাগোষ্ঠীর জেন্ডার ভাবনা” শীর্ষক বিষয়ে। নেহলিন রহমান নীহা আলোচনা করেন শিখাগোষ্ঠীতে নারী লেখকদের প্রগতিশীল ভূমিকা নিয়ে। শতবর্ষে শিখা ও ফজিলাতুন নেসার সাহিত্যিক অবদান নিয়ে প্রবন্ধ পাঠ করেন সেরিনা খাতুন।
এছাড়া ফারজানা আক্তার শিখা পত্রিকায় প্রকাশিত নারীবিষয়ক প্রবন্ধসমূহের বিশ্লেষণ তুলে ধরেন। শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান তাঁর প্রবন্ধে “বর্ধমান হাউস: কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ” প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আলোচকরা বলেন, শিখাগোষ্ঠী বাঙালি মুসলিম সমাজে মুক্তবুদ্ধি, প্রগতিশীলতা ও নারী অধিকার চর্চায় যে ভূমিকা রেখেছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সাহিত্য ও সংস্কৃতির বিকাশে শিখাগোষ্ঠীর চিন্তা ও আন্দোলন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।
সভা শেষে উপস্থিত শ্রোতারা এমন চিন্তাশীল ও গবেষণামূলক আয়োজনের প্রশংসা করেন।
যশোর অফিস 







































