
যশোর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভোটাধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরের মণিরামপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা। রোববার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং রুমে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার মণিরামপুর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বকুল হোসেন, মাঠ সমন্বয়কারী মো. কবির হোসেন এবং তথ্য সেবা সহকারী নাসরিন আক্তারসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীরা কেবল ভোটার নন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। ভয়ভীতি ও প্রভাবমুক্ত থেকে সচেতনভাবে ভোট প্রদানই একটি শক্তিশালী গণভোটের পূর্বশর্ত।
তাঁরা আরও বলেন, নারীদের ভোটাধিকার নিশ্চিত করা মানে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া। তাই প্রত্যেক নারীকে নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিতে না পড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে নারী ভোটারদের নিরাপদ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে গণভোট ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে নারীদের সচেতন করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান আয়োজকরা।
সমাবেশ শেষে নারী ভোটারদের মাঝে ভোটাধিকার বিষয়ে সচেতনতামূলক স্লোগান ও বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
যশোর অফিস 







































