
চাঞ্চল্যকর আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণদাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ২ ফেব্রুয়ারি। ওই দিন মামলার বাদী সাক্ষ্য দেবেন। এর আগে কড়া পাহারায় এ মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ আসামিকে। ভোর থেকে নিরাপত্তার ছাদরে ঢেকে রাখা হয় প্রবেশ পথ থেকে পুরো আদলত চত্বর।
আদালত সূত্র জানায়, বেলা ১১টার দিকে শুরু হয় বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে চার্জ গঠন শুনানি। বিচারক মোহাম্মদ জাহিদুল হক ৩০২ ও ১০৯ ধারায় চিন্ময়সন ৩৯ আসামির বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী সাক্ষগ্রহণের দিন ধার্য করা হয় ২ ফেব্রুয়ারি।
এ বিষয়ে এস ইউ এম নুরুল ইসলাম পিপি বলেন, ‘আসামিরা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন। সাম্প্রদায়িক উসকানি দিয়ে হত্যার করেছে আলিফকে। সাধারণ মানুষ এ হত্যার বিচার চায়। আমরা আশা করি সাক্ষীদের সাক্ষগ্রহণের মাধ্যমে হত্যাকারীর বিচার হবে।’
এ সময় আলিফের বাবা মামলার বাদী জামাল উদ্দিন জানান, আমরা ন্যায় বিচার চাই এবং সাক্ষীদের নিরাপত্তা চাই। আমি ছেলের সুষ্ঠু বিচারের দাবি করছি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেন।
এ সময় সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন চিন্ময়ের সমর্থকরা। পরে তার বাবা একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় তার ভাই ও পুলিশ বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে আরও দুটি মামলা করেন। ২০২৫ সালের ১ জুন মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ৩৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।
নিজস্ব প্রতিবেদক 







































