
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকালে রাজবাড়ী সদর থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যমানের ৫ কেজি গাঁজা এবং আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের একটি বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মোছা. শিরিন শান্তি (৩৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আশরাফুলের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও বিদেশি মদ সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে র্যাব নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































