
কুড়িগ্রাম প্রতিনিধি
সরকারি নির্দেশনার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে চলছে গণভোটের ব্যাপক প্রচারণা। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ হাট-বাজারগুলোতে জনগণকে উদ্বুদ্ধ করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পরপরই মাঠ পর্যায়ে প্রচারণা শুরু হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সকল সরকারি ও বেসরকারি দপ্তরে ইতিমধ্যে ড্রপডাউন ব্যানার স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষকে গণভোটের গুরুত্ব বোঝাতে হাট-বাজার ও জনসমাগমস্থলে বিলি করা হচ্ছে লিফলেট।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেবল ব্যানার-ফেস্টুনেই সীমাবদ্ধ নেই এই প্রচারণা। উপজেলার বড় বড় হাট-বাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে। ‘আগামীর নতুন বাংলাদেশ’ বিনির্মাণে গণভোটের প্রয়োজনীয়তা এবং নাগরিক অধিকারের বিষয়টি এসব ভিডিওতে ফুটিয়ে তোলা হচ্ছে।
রাস্তার মোড় ও জনবহুল স্থানে শোভা পাওয়া রঙিন ব্যানার এবং প্রশাসনের প্রচারণামূলক ভিডিও চিত্রগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, এই প্রচারণার ফলে তারা গণভোটের প্রক্রিয়া ও গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাচ্ছেন।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করতেই এই প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। জনগণকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করতে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য।
কুড়িগ্রাম প্রতিনিধি 







































