
সিরাজগঞ্জ প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি ও সরকারি চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের দুটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য প্রার্থী এবং এক কলেজ অধ্যক্ষকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ-১ ও সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানদের স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।
শোকজপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা, তার ছোট ভাই চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপু এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী।
সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শারমিন আক্তারের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ১২ জানুয়ারি সকালে গান্দাইল ইউনিয়নের উদগাড়ি বাজার সংলগ্ন একটি বাসভবনে সেলিম রেজার পক্ষে কলেজ অধ্যক্ষ মহসিন রেজা বিপু বিভিন্ন কলেজের অধ্যক্ষদের নিয়ে সভা করেন। বিষয়টি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৬(গ) ও ১৮ ধারার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আগামী ২৫ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। একই সঙ্গে কাজিপুর থানার ওসিকে নোটিশ জারির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও শাহজাদপুর আদালতের সিভিল জজ শানু আকন্দের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যার আজান পর্যন্ত উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল স্থাপন করে মাইকে নির্বাচনী প্রচারণা চালানো হয়। প্রচারণাটি নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠিত হওয়ায় এটি আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ১৮ লঙ্ঘন করেছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। নোটিশে আগামী ২৭ জানুয়ারি দুপুর ২টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ রয়েছে। একই সঙ্গে উল্লাপাড়া থানার ওসিকে নোটিশ জারির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ এবং উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপু কর জানান, সংশ্লিষ্টদের কাছে শোকজ নোটিশ জারি করে অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 







































