
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলের বুকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতির আলোচিত ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হলেও বাকি মালামাল উদ্ধার হয়নি। পৃথক আরেকটি ঘটনায় অটোরিকশা চুরির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে সদর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. জাকারিয়া সরকারের বাড়িতে পুলিশ পরিচয়ে ৭–৮ জন ডাকাত প্রবেশ করে। পরে তারা নিজেদের সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে জাকারিয়া সরকারের ছেলে জামিল সরকারের বুকে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, অলংকার ও ছয়টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় জামিল সরকার বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
মামলার রহস্য উদঘাটনে পুলিশ সুপারের নির্দেশে গঠিত একটি দল আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের মো. আলিম (ছদ্মনাম) (১৭) এবং একই গ্রামের রহিজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. মিলন হোসেন (২০)। পুলিশ জানায়, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ছাড়া একই মামলায় জড়িত আরও তিনজন ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে বগুড়ার শেরপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সেখানে আটক রয়েছে। এ নিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে, ২৮ জানুয়ারি বিকেলে সদর উপজেলার শিয়ালকোল এলজিইডি অফিসের সামনে থেকে যাত্রীবেশে উঠে কৌশলে একটি অটোরিকশা চুরি করা হয়। এ ঘটনায় অটোরিকশার মালিক আরিফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার নাটোর জেলার সিংড়া থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন বগুড়ার শেরপুর উপজেলার আশগ্রাম উত্তরপাড়ার মৃত হাসেব আলী ওরফে সাহেব আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৫), নাটোরের সিংড়া উপজেলার মহেষমাড়ি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. শাকিব (২৬), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর আলী ওরফে নুর মোহাম্মদ (৪৫), মৃত চান মোল্লার ছেলে আনোয়ার হোসেন (৫০) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 


















