
নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যের সরকার করা হবে না বলে জানান তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি দলের অবস্থান জানান।
এ সময় নির্বাচনের পর জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তারেক রহমান বলেন, জামায়াতকে সরকারে নয়, বরং ভালো বিরোধী দল হিসেবে দেখতে চাই।
বিএনপির চেয়ারম্যান প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরকার গড়লে বিরোধী দল কে হবে?
সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে। সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘আমি জানি না, তারা কতটি আসন পাবে। তবে তারা যদি বিরোধী দল হয়, তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দল হিসেবে পাব।
তারেক রহমানের সহযোগীরা বলছেন, নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভের বিষয়ে বিএনপি আশাবাদী। নির্বাচনে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি আসনগুলোতে তাদের জোট শরিকেরা লড়ছেন।
রয়টার্স জানায়, এই নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, নেতৃত্ব ছত্রভঙ্গ। দীর্ঘদিনের বিএনপি–আওয়ামী লীগ দ্বৈরথ ভেঙে এখন মূল লড়াই বিএনপি বনাম জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ২০০১–০৬ সালে একসঙ্গে সরকার চালালেও এবার সেই সমীকরণে ফিরতে নারাজ তারেক রহমান।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আগেই বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারে থাকবে না জামায়াত।
এমনকি পররাষ্ট্রনীতিতে বড় কোনো একমুখী ঝুঁকির ইঙ্গিত দেননি বিএনপি চেয়ারম্যান।
ভারতের সঙ্গে টানাপোড়েন, চীনের বাড়তি আগ্রহ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে বা যারা উপযুক্ত প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই বন্ধুত্ব হবে, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়। অর্থনীতি ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
এছাড়া শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি জনগণ কাউকে গ্রহণ করে, মানুষ যদি তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে।’
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘নিরাপদ পরিবেশ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবে, তবে লক্ষ্য থাকবে প্রত্যাবাসন।’
নিজস্ব প্রতিবেদকঃ 





































