
বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস বিজয় পেয়েছে বিএনপি। ২৯৯ আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮৩টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি ২০০টি, জামায়াত ৬৪টি, এনসিপি ৫টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি ও স্বতন্ত্রসহ অন্যরা ১১টি আসন পেয়েছে। রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামী অভাবনীয় সাফল্য দেখিয়েছে। সব আশঙ্কা, অনিশ্চয়তাকে চূর্ণবিচূর্ণ করে ইতিহাসের নজীরবিহনী উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদকেও যেন হার মানিয়েছে এবারের নির্বাচনী উৎসব। গোটা বিশ্ব তাকিয়ে ছিল বাংলাদেশের এ নির্বাচনের দিকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ। পোস্টাল ব্যালটে ৮০ দশমিক ১১ শতাংশ ভোট পড়লেও বৈধ হয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ (৩৫৫৫৬৩১ ভোট) আর ‘না’ পড়েছে ২২ দশমিক ২৩ শতাংশ (১৯৮৬৬০১ ভোট)।
উৎসবমুখর পরিবেশে নির্বাচনে দেশের কোথাও প্রাণঘাতী সংঘাত না ঘটিয়ে বিশ্বকে ‘আমরাও পারি’ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ দেড় যুগ ভোট দিতে না পারার আক্ষেপ মেটাতে রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে এক অনন্য নজির তৈরি করেছেন দেশের সাধারণ ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের এমন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ বিশ্ব কখনো দেখেনি। স্মরণকালে গণতান্ত্রিক বিশ্বের উন্নত-অনুন্নত অধিকাংশ দেশেও এমন নিরপেক্ষ নির্বাচনের উদাহরণ নেই। নির্বাচনের আগে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিকে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রেরণা যোগাবে।
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা গণভোটের ভোটগ্রহণ হয়েছে সারা দেশে। এর আগের বিভিন্ন নির্বাচনে ভোটকেন্দ্র দখল বা ব্যালট বাক্স ছিনতাই সাধারণ ঘটনা হলেও এবার এ ধরনের অভিযোগ ওঠেনি। কোথাও ভোটগ্রহণ স্থগিতের খবরও পাওয়া যায়নি। বাংলাদেশের ইতিহাসে এ এক অনন্য নজীর। নির্বাচনের এই দিনে সারা দেশে কোথাও কোথাও ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও যেমন বড় ধরনের রক্তাক্ত সহিংসতা হয়নি, তেমনি নেই প্রাণহানি, হানাহানির খবর। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে কোটি কোটি তরুণ-যুবক আর দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘেœ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের মাঠ থেকে বিশ্ববাসী বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়ে গেল, ৪ কোটি তরুণ ভোটারই শুধু নন, সব বয়সি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না; যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া নির্বাচনের তফসিল পরে ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ, সুশৃংখল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনে বিএনপির ধানের শীষ নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে।
নির্বাচনের পর সংবাদ সম্মেলন করে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ভোটের ফলাফল সঠিকভাবে ঘোষণা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার ও আইনশৃংখলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, নির্বাচিত সরকারকে তা সম্মান করতে হবে। জনগণের সমর্থনে বিএনপির বিজয় অনিবার্য। বিএনপি নিরঙ্কুশ বিজয় পাবে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ভোট গণনা ও ফলাফল ঘোষণায় যেন কোনো অসংগতি না হয়, তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে। অন্যদিকে নির্বাচনের পর সংবাদ সম্মেলন করেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের। তিনি বলেন, আমরা আশা করছি, বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠন করব, ইন শা-আল্লাহ। সরকার ও নির্বাচন কমিশন ভালো নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। তারা তাদের প্রতিশ্রুতি রেখেছে। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেছেন, এ চেষ্টার ফলেই বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে।
গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করে। একইসঙ্গে তারা গণভোটের মাধ্যমে সংবিধানের বেশকিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট দিয়ে নিজেদের মত জানান। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়ন হবে।
বহুল আলোচিত ও প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেন ছোট-বড় ৫০টি রাজনৈতিক দল। ২৯৯টি আসনে মোট প্রার্থী ছিল ২ হাজার ২৮ জন। দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন অংশ গ্রহণ করে। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৬৫১টি। মোট ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন। প্রিজাইডিং কর্মকর্তা ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ লাখ ২৩২ জন।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টরা জানান, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের কথা থাকলেও ফজরের নামাজের পর থেকে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে থাকেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারাদেশের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটাদের ছিল দীর্ঘ লাইন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থান থেকে ইনকিলাব প্রতিনিধিরা জানান, কোথাও কোথাও নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও কোথাও কোথাও বাড়তে থাকে। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে ভোটার উপস্থিতি ছিল কম। এছাড়া, গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়। এতে এক শিশু ও দুই আনসার সদস্য আহত হন। এ ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
সারাদেশের ভোট গ্রহণের চিত্রে দেখা যায় মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে সেখানে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সেখানে ভোট গ্রহণ চলে। এছাড়া, কুমিল্লায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। কুমিল্লার-১১ আসনে জাল ভোট দেয়ার অভিযোগে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির পর মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তাকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় দায়িত্বরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম মো. মুজাহিদুল ইসলাম। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক। এছাড়াও যাত্রাবাড়ী, খুলনা, মুন্সীগঞ্জ, গাইবান্ধায় ভোট দিতে গিয়ে ১ জন করে অসুস্থ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
এদিকে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাঁদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইন শা-আল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব। সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাক্সিক্ষত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়।
‘জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে’ -এ আশাবাদ ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা যা দেখেছেন, তাতে ‘অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ’ জানাই। সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক। সারা দেশের খবর যা পাচ্ছি তাতে মনে হচ্ছে জনগণ নতুন কোনো ফ্যাসিবাদকে ‘ওয়েলকাম’ করবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিবিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর সই করা বিবৃতিতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা-সমাবেশ না করার নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বিবৃতিতে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃংখলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়।
নিজস্ব সংবাদদাতা 




































