
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারীসহ কমপক্ষে সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়ন এর গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোট দেওয়া নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
আহতরা হলেন সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির এক সাবেক সাংগাঠনিক সম্পাদকের আহ্বানে ভোট দিতে না গিয়ে গ্রামের আরেক নেতার আহ্বানে ভোটকেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় শনিবার সকালে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে কয়েকটি বাড়িতে হামলা চালালে নারীসহ সাতজন আহত হন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক সাংগাঠনিক সম্পাদক জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। উপজেলা বিএনপির এক সাবেক সভাপতি জানান, ঘটনাটি জানার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি 





































